
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে নেত্রকোনা জেলায় দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। জেলার ১৮টি ফিলিং স্টেশনের কোনোটিতেই মিলছে না পেট্রোল ও অকটেন, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা।
(২৫ মার্চ) (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে জেলার সর্বশেষ জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান মোনাকো ইন্টারন্যাশনাল লিমিটেড পাম্পেও পেট্রোল শেষ হয়ে যায়। এর ফলে পুরো জেলায় পেট্রোল ও অকটেন কার্যত শূন্য হয়ে পড়ে।
জ্বালানি সংকটের কারণে বাস, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক চালক দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
পাম্প সংশ্লিষ্টরা জানান, হঠাৎ করে জ্বালানির চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ স্বাভাবিক না থাকায় এই সংকট তৈরি হয়েছে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জ্বালানি না পাওয়ায় কর্মস্থলে ফিরতে বিলম্ব, অতিরিক্ত ভাড়া এবং অনিশ্চয়তায় পড়েছেন যাত্রীরা। অনেকেই দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মোনাকো ইন্টারন্যাশনাল লিমিটেডের ক্যাশিয়ার তৌসিফুল ইসলাম বলেন,
“ঈদের পর হঠাৎ করে গাড়ির চাপ অনেক বেড়ে গেছে। আমাদের পাম্পেও আজ সকালেই পেট্রোল শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি দ্রুত নতুন সরবরাহ আনার, তবে কখন স্বাভাবিক হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
জ্বালানি সংকটের কারণে একদিকে যেমন যান চলাচল ব্যাহত হচ্ছে, অন্যদিকে কর্মস্থলে ফেরা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।