
নেত্রকোনা -৩ আসনের সংসদ সদস্য :ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কেন্দুয়া–আটপাড়াবাসী।
এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর দাবি উঠেছে প্রতিনিয়ত—দলের দুর্দিনের কাণ্ডারি এমপি হিলালীকে রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার জন্য।
দীর্ঘ ৪২ বছরের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, জুলুম-নির্যাতন, মামলা-হামলা ও কারাভোগের কঠিন পথ অতিক্রম করে অবশেষে নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের জনগণের ভালোবাসায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ড. রফিকুল ইসলাম হিলালী। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে জনগণের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অঙ্গনে তাঁর এই অর্জনকে অনেকেই দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সংগ্রামের স্বীকৃতি হিসেবে দেখছেন। স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝেও তাঁর নেতৃত্ব নিয়ে নতুন আশাবাদ তৈরি হয়েছে।
স্বাধীনতার পর থেকে নেত্রকোনা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসন থেকে নির্বাচিত কোনো সংসদ সদস্য এখন পর্যন্ত মন্ত্রীত্ব লাভ করেননি। ফলে দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের মানুষের মধ্যে একটি আক্ষেপ রয়ে গেছে—জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নিজেদের এলাকার কোনো প্রতিনিধিকে দেখার সুযোগ তারা পাননি।
এবার ড. রফিকুল ইসলাম হিলালী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সেই আক্ষেপ যেন নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের অনেকেই মনে করছেন—দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দলের দুর্দিনে তাঁর অবদান বিবেচনায় তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হলে তা হবে যথার্থ স্বীকৃতি।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দুয়া–আটপাড়ার অসংখ্য নেতাকর্মী ও সমর্থক ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে তাদের মতামত প্রকাশ করেছেন। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তাঁকে দলের “দুর্দিনের কাণ্ডারি” উল্লেখ করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয় এক রাজনৈতিক কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে দলের জন্য নিরলস পরিশ্রম করেছেন ড. রফিকুল ইসলাম হিলালী। জেল-জুলুম ও নানা নির্যাতনের মধ্যেও তিনি দল ও মানুষের পাশে থেকেছেন। তাই আমরা চাই, এবার তাঁর সেই ত্যাগের যথাযথ মূল্যায়ন হোক।”
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহল থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রী করার জোর দাবি জানানো হচ্ছে। অনেকের মতে, তাঁকে মন্ত্রীত্ব দেওয়া হলে কেন্দুয়া–আটপাড়া অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা—দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে এবার যেন কেন্দুয়া–আটপাড়ার এই কৃতী সন্তান জাতীয় পর্যায়ে আরও বড় দায়িত্ব পালনের সুযোগ পান।