মঙ্গলবার (১০ মার্চ) বিকেল ৪টায় উপজেলার শ্যামগঞ্জ জালশুকা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে পাভেলের নিজ বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০–২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেল অত্যন্ত মেধাবী ও সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত একজন শিক্ষার্থী। ছোটবেলাতেই বাবাকে হারানো পাভেল ঢাকায় পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের শিক্ষার ব্যয় বহন করেন এবং সেই আয়ে পরিবারকেও সহায়তা করেন।
বক্তারা অভিযোগ করেন, কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী না হওয়া সত্ত্বেও তার ওপর নৃশংস হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এর আগে, গত ৭ মার্চের ভাষণ সম্পর্কিত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করার জেরে ওইদিন রাতে টিউশনি শেষে ক্যাম্পাসে ফেরার পথে রাহিদ খান পাভেলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।