
(হৃদয় রায় সজীব)
নেত্রকোনায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর। হাজারো মুসল্লির অংশগ্রহণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের মোক্তারপাড়া ঈদগাঁ ময়দানে।
সকাল নয়টায় অনুষ্ঠিত প্রধান জামাতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল মতিন।
এছাড়া জেলার অন্যান্য স্থানেও ঈদের নামাজ আদায় করা হয়। পুলিশ লাইন, বিজিবি ঈদগাঁ মাঠ, সাতপাই আলিয়া মাদ্রাসা, কলেজ মাঠ, নাগড়া সহ জেলায় মোট ১ হাজার ৭৩০টি মসজিদ ও ঈদগাঁ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। ঈদের নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
এবারের ঈদ জামাতকে কেন্দ্র করে নেত্রকোনার মুসল্লিরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন। ঈদ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং কল্যাণ কামনা করা হয়।