
দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ইয়াবা ব্যবসায়ী জুয়েলকে ২০২৫ সালের ১ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়ন শাখার প্রাথমিক সদস্য পদসহ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তবে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে দল থেকে বহিস্কৃত এই ইয়াবা ব্যবসায়ী জুয়েলের মাদক ব্যবসার পিছনে গডফাদারা কারা? কাদের শেল্টারে সে এতদিন এ ব্যবসা চালিয়ে আসছে? এছাড়াও জানা গেছে বিগত সংসদ নির্বাচনের সময় মাদক ব্যবসায়ী জুয়েল জাতীয়তাবাদী দলে যোগ দেয় এবং সুকৌশলে কৃষকদলের পদ বাগিয়ে নেয়। রাজনৈতিক মুখোশের আড়ালে সে মাদক ব্যবসা চালিয়ে যায়। তার এহেন কর্মকাণ্ডে স্থানীয় দলীয় নেতাকর্মী তীব্র প্রতিবাদ জানায় এবং ৫ আগষ্টের পর দলে অনুপ্রবেশকারী জুয়েলের অপরাধমূলক কর্মকাণ্ডের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছে। জুয়েলের বাড়ি রোয়াইল বাড়ি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে। জানা যায়,সে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, ১২ নং রোয়াইবাড়ি ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু সংগঠনের শৃঙ্খলা, নীতিমালা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপের কারণে এবং সংগঠনের স্বার্থ রক্ষার্থে তাকে জাতীয়তাবাদী কৃষকদলের প্রাথমিক সদস্য পদসহ যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করার বিষয়টি লিখিত ভাবে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের বিষয়টি অবগত করা হয়েছে। ১০ মে এক ফেসবুক পোষ্ট থেকে জানা গেছে, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দুয়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান ভূঁইয়া ও মাহবুবুর রহমান খান মহলিন সভাপতি স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত ৯ মে নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক ও বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানা পুলিশ।
শনিবার (৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন ।
তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার (৮ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ২০ পিস ইয়াবাসহ লুৎফুর রহমান (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি পাইকুড়া ইউনিয়নের রাজনগর (দক্ষিণপাড়া) গ্রামের আব্দুস ছাত্তার ভূঞার ছেলে। পাইকুড়া বাজারে তার ‘লুৎফুর ইলেকট্রনিকস’ দোকানের সামনে থেকে তাকে আটক করে পেমই তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ বাবুল মিঞার নেতৃত্বাধীন পুলিশ দল।
অন্যদিকে একই রাতে আনুমানিক ১২টা ৩০ মিনিটে পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মো. শফিউল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মো. জুয়েল মিয়া (৪০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় । তিনি রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের আঞ্জু মিয়ার ছেলে।
অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ জানান, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে । মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন ।