
নেত্রকোনা প্রতিনিধি:
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “ফেব্রুয়ারির মাঝেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তা না হলে আবারও রাজপথে নামবে বিএনপি।”
শনিবার (২৮ জুন) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “৫ আগস্টের পরবর্তী সময়ের নির্বাচন নয়, দেশের মানুষ এখনই ভোট চায়। এটা বিএনপির একক দাবি নয়—সারাদেশের গণতন্ত্রকামী জনগণের দাবি।”
সরকারকে হুঁশিয়ার করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমরা রাজপথের মানুষ, রাজপথেই ফিরে যাব। গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও সাংবিধানিক সরকারের দাবিতে আন্দোলন হবে।”
বিএনপির অতীত কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, খালেদা জিয়ার ২৭ দফার ধারাবাহিকতায় তারেক রহমান ৩১ দফা দিয়েছেন—যেখানে কৃষক, শ্রমিক, দিনমজুর, শিক্ষক, ছাত্র, আইনজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের দাবি উঠে এসেছে। এটাই হচ্ছে আধুনিক বাংলাদেশের ম্যাগনাকার্টা।”
সম্মেলনে সকাল থেকেই উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন দুর্গাপুর পৌর কমিউনিটি সেন্টারে। দীর্ঘ ছয় বছর পর কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। উদ্বোধন করেন জেলা আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ ও জেলা সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী।
সম্মেলন শেষে জহিরুল আলম ভূঁইয়াকে সভাপতি ও আব্দুল আউয়ালকে সাধারণ সম্পাদক করে দুর্গাপুর উপজেলা বিএনপির কমিটি পুনর্গঠন করা হয়। পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হন আতাউর রহমান খান ফরিদ এবং সাধারণ সম্পাদক হারেজ গণি।